তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুবসমাজকে জাগিয়ে তোলা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য। তরুণদের শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা তৈরি করতে হবে। এ ধরনের চাকরি মেলা তাদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে।
তরুণ প্রজন্মকে দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিদের আদর্শ অনুসরণের আহ্বান জানান মন্ত্রী।
দিনাজপুরের ভৌগোলিক অবস্থান ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলের এই এলাকার উন্নয়নে তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো জরুরি।
দিনব্যাপী এ চাকরি মেলায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত মেলায় ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এ সময় শতাধিক প্রার্থী তাৎক্ষণিকভাবে চাকরি পেয়েছেন বলে জানানো হয়।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া লক্ষাধিক জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগপ্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক তরুণ চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী।