শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন
হেলিকপ্টার বিধ্বস্ত: ফাইল ছবি
হেলিকপ্টার বিধ্বস্ত: ফাইল ছবি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জোশীমঠ-বদ্রীনাথ আকাশপথে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্গম এলাকায় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তাঁদের সবাই পুরুষ। যাত্রীরা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। হেলিকপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু।

প্রতিবেদন অনুযায়ী, হালকা তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে উড্ডয়ন করে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স কলসাইনের হেলিকপ্টারটি। উড্ডয়নের কিছুক্ষণ পর হাতি পর্বত ও জোশীমঠ উপত্যকা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আধুনিক ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সংস্থার সব হেলিকপ্টার চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থল ছাই গ্রামের দিকে রওনা হন উদ্ধারকর্মীরা। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ জানান, সেনাবাহিনী, পুলিশ ও জরুরি স্বাস্থ্যসেবা দলের সদস্যরা একযোগে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জোশীমঠের কাছাকাছি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি উদ্ধার তৎপরতা তদারকি করছেন। আহতদের দ্রুত আকাশপথে সরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও বৈরী আবহাওয়ার কারণে ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে এ অঞ্চলে অন্তত ১২টি ছোট-বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল প্রাণঘাতী। গত বছরের জুনে কেদারনাথের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com