পঞ্চগড়ের বোদা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে দোকান ফিরে পাওয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে বাজারের শাকসবজি বিক্রির স্থান পুনর্বিন্যাস এবং বোদা বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বোদা বাজারের উচ্ছেদ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানে যেসব ব্যবসায়ীর দোকানপাট অপসারণ করা হয়েছে, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ব্যবসায়ী যেন নিজ নিজ দোকান ফিরে পাওয়ার সুযোগ পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও স্বার্থের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের কারণে কেউ যেন অযথা ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বোদা বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রশাসন, ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। পরিকল্পিতভাবে উন্নয়নকাজ বাস্তবায়নের পাশাপাশি শাকসবজি বিক্রির স্থান পুনর্বিন্যাস এবং বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধন কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।