ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় তাঁদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ১৮৫টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
জামানত হারানো তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। তাঁদের মধ্যে আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট, খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট এবং ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।
নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত রক্ষায় একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ পেতে হয়। এ আসনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৩৩ হাজার ৩৩০টি হওয়ায় জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল অন্তত ৪১ হাজার ৬৬৭ ভোট।
অন্যদিকে, ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। বাতিল ভোট বাদে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি। ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।