শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শীতের সবজি এলেও কমেনি দাম, নেপথ্যে পরিবহন খরচ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি খুঁজছেন সাধারণ ক্রেতারা। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও মাছ, মাংস ও ডিমসহ বেশ কিছু পণ্যের দাম এখনো চড়া। ফলে বাজারে গিয়ে দাম শুনে প্রয়োজনীয় কেনাকাটা সীমিত করছেন অনেকে।

বিক্রেতারা বলছেন, কিছু সবজির সরবরাহ বাড়লেও পরিবহন খরচ, পাইকারি বাজারের দাম এবং পণ্যের মানভেদে খুচরা দামে পার্থক্য রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

পেঁপে ছাড়া বেশির ভাগ সবজি ৬০ টাকার ওপরে

বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৬০ টাকা এবং দেশি গাজর ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপির দাম তুলনামূলক কম, প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা।

এ ছাড়া লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা, শিম ৮০ টাকা, শসা ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং কাকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ঢেঁড়স ১০০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা ও মূলা ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আকারভেদে ফুলকপির দাম ৪০ থেকে ৮০ টাকা।

আগের দামেই মাছ-মাংস ও ডিম

বাজারে মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি ডজন লাল ডিম ১৩০ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ২০০ টাকা।

মাছের বাজারে প্রতি কেজি রুই ৩০০ থেকে ৭০০ টাকা এবং কাতল ৩০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকি মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, কৈ ২২০ থেকে ২৫০ টাকা এবং তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ৮০০ টাকা এবং টেংরা ৬০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আকাশ রহমান বলেন, ‘শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও সব পণ্যের দাম এখনও কমেনি। পাইকারি বাজার থেকে যে দামে সবজি কিনতে হচ্ছে, পরিবহন খরচসহ অন্যান্য ব্যয় যোগ করে সে অনুযায়ী বিক্রি করতে হচ্ছে। পণ্যের মান ও সরবরাহের ওপরও দামের পার্থক্য নির্ভর করে।’

বাজার করতে আসা সরকারি চাকরিজীবী কাজী নজরুল ইসলাম বলেন, ‘বাজারে এসে বেশির ভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে দেখছি। কিছু সবজির দাম আরও বেশি। মাছ, মুরগি ও ডিম কিনতেও উল্লেখযোগ্য টাকা খরচ হচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করাও কঠিন হয়ে পড়ছে।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com