জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দেশের কিছু প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্যের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়া, সহিংসতা উসকে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর নীতিমালার পরিপন্থী।
এজেন্সি জানায়, তারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে আইনগত দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যেকোনো উসকানিমূলক, সহিংসতা-প্ররোচনামূলক বা অপরাধমূলক বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।