রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি | কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত দবির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে বোয়ালমারী এলাকা থেকে অটোরিকশায় করে জমির সার কেনার উদ্দেশ্যে রৌমারী হাটে আসছিলেন দবির উদ্দিন। পথিমধ্যে ওকড়াকান্দা এলাকায় অটোরিকশার সঙ্গে একটি বোরাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।