দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় হালকা ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ নিজামউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৫–৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। ভয়াবহ সেই কম্পনে সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হন। ঢাকার বিভিন্ন ভবনেও ফাটল দেখা দেয়।