রংপুরের পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৩০২ ধারায় মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আহত করার অভিযোগে খাদেমুল ইসলামকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি আসামিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মামলার এক আসামি মাহফুজার রহমান মামলার বিচার চলাকালেই মৃত্যুবরণ করায় ইতোমধ্যে অব্যাহতি পান।
২০১৪ সালের ১ এপ্রিল বড় আলমপুর মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ার মাথায় আঘাত করেন এবং অন্য আসামি মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত আব্দুল হালিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সাক্ষী মেহের নিগারও আহত হন, তাকে আঘাত করেন আসামি খাদেমুল ইসলাম। পরে নিহতের ভাই মো. আ. রহিম পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন বলেন, “দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত সত্যতা নিশ্চিত করে যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। নিহত পরিবারের প্রতি এটি ন্যায়ের প্রত্যাশিত প্রতিফল।”
১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন এবং প্রধান আসামির বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে আইনজীবী মো. আব্দুর রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।