ইসলাম মানবতার ধর্ম, সাম্যের ধর্ম। ইসলাম আমাদের সর্বত্র কৃতজ্ঞতা প্রকাশ ও উপকারকারীর প্রতি দোয়া করার শিক্ষা দেয়। যদি কেউ আপনার উপকার করে, তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার জন্য আল্লাহর কাছে বরকত কামনা করা অত্যন্ত পুণ্যের কাজ।
আরবি দোয়া:
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
উচ্চারণ: “আল্লাহুম্মা আকছির মা-লাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফি-মা আ‘ত্বাইতাহু।” অর্থ: “হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিন, এবং আপনি তাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দান করুন।”
আনাস (রা.) বর্ণনা করেন — তাঁর মা উম্মে সুলাইম (রা.) নবী করিম (সা.)-এর কাছে অনুরোধ করেন, “হে আল্লাহর রাসুল, আনাস তো আপনারই খাদেম। আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন।” তখন রাসুলুল্লাহ (সা.) উপরের দোয়াটি করেন। সহিহ বুখারি, হাদিস নং ৬৩৩৪।
ইসলাম কেবল আল্লাহর প্রতি নয়, বরং মানুষের প্রতিও কৃতজ্ঞ হতে শেখায়। রাসুল (সা.) বলেছেন— “যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না।”(তিরমিজি, হাদিস: ১৯৫৪)। তাই কেউ উপকার করলে তার প্রতি দোয়া করা হলো মানবিক ও ঈমানি দায়িত্ব।