আগামী পাঁচ দিনের শেষের দিকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে এবং এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২০ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।