আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ আসনের উন্নয়ন রূপরেখা ঘোষণা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী সামসুজ্জামান সামু।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক পরামর্শ সভায় রংপুরের উন্নয়ন ও বৈষম্য নিরসনে ১৯টি প্রস্তাবনা তুলে ধরেন।
‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পে সামসুজ্জামান সামু রংপুরের টেকসই উন্নয়নের জন্য ১৯টি দিকনির্দেশনামূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
তরুণদের স্বনির্ভরতা ও বিকল্প কর্মক্ষেত্র তৈরি, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচি, শিল্পায়নে গতিশীলতা ও বিনিয়োগ পরিবেশ তৈরি, জাতীয় বাজেটে রংপুরের ন্যায্য হিস্যা নিশ্চিত, নারীর ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ, স্বাধীন মতপ্রকাশের পরিবেশ সৃষ্টি, শ্যামাসুন্দরী খাল পুনর্খনন ও পরিবেশ সংরক্ষণ, রংপুরকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য হাব হিসেবে গড়ে তোলা
সামসুজ্জামান সামু বলেন, “স্বাধীনতার পর থেকে রংপুর সদরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। নির্বাচিত হলে আমি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বৈপ্লবিক পরিবর্তন আনব।”
তিনি জানান, রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, রংপুর মেডিকেল কলেজের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা চালু এবং সুলভমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পরিকল্পনা তার রয়েছে।
উত্তরের কৃষিনির্ভর অর্থনীতিকে আধুনিকায়ন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার ওপর জোর দেন সামু। তিনি বলেন, “রংপুরের হাড়িভাঙ্গা আম, আলু ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানির জন্য আধুনিক অবকাঠামো তৈরি করা হবে।”
এছাড়া শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল, ন্যায্য মজুরি, দুর্নীতিমুক্ত সেবা, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণে কার্যকর রোডম্যাপ বাস্তবায়নের কথাও বলেন তিনি।
রূপকল্পে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নদী-খাল খনন, জলাশয় সংরক্ষণ, শ্যামাসুন্দরী খালের পুনর্জীবন এবং পর্যটন স্থানের আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া রংপুরের ঐতিহ্যবাহী খাদ্য ও লোকসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা রংপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। বক্তব্য দেন— যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, ভোরের ডাকের বাবলু নাগ, সকালের বাণীর আসাদুজ্জামান আফজাল, এটিএন নিউজের শাহরিয়ার মিম, করতোয়ার হুমায়ন কবির মানিক ও সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।
সামসুজ্জামান সামু জানান, “আমার লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যমুক্ত, প্রযুক্তিনির্ভর, কর্মসংস্থানমুখী ও আধুনিক রংপুর গড়ে তোলা। উন্নয়ন হবে সব মানুষের, সব শ্রেণির।”