রংপুর নগরীর বিভিন্ন এলাকায় শনিবার (২০ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এ তথ্য জানিয়েছে।
নেসকোর রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নোটিশ অনুযায়ী, ১১ কেভি শাপলা ফিডার ও ১১ কেভি আহসানাবাদ ফিডারের আওতাধীন এলাকায় এই সময়ে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে নগরীর চারুকলা মোড়, চারতলা মোড়, শাপলা চত্বর সংলগ্ন এলাকা, ছোটবাজার, হোটেল মোড়, প্রেস ক্লাব এলাকা, জাহাজ কোম্পানি মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকা। এছাড়া আহসানাবাদ ফিডারের আওতাধীন কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহনশীলতা কামনা করেছে সংস্থাটি।