আরএনবি ডেস্কঃ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদ-এর উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, রাশেদ খান ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শনিবার অথবা রবিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের পর রাশেদ খান বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন এবং দলটির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন। এদিকে, রাশেদ খানের পদত্যাগের পর গণ অধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন—এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।