আরএনবি ডেস্কঃ জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আহসান হাবীব লিংকন। পোস্টে নিজের ছবি যুক্ত করে তিনি লেখেন, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে আজীবন অর্জিত সুনাম কাজে লাগিয়ে শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আদর্শ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার স্বপ্ন ছিল তাঁর। তবে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আহসান হাবীব লিংকন বলেন, বিএনপির সঙ্গে জোটের অংশ হিসেবে তারা ছয়টি আসনের নাম প্রস্তাব করেছিলেন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হলেও তিনি অসুস্থতার কারণে নির্বাচন করতে পারছেন না। অন্যদিকে ছোট ছোট কয়েকটি দল একাধিক আসন পেলেও তাদের দলকে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, খুব শিগগিরই দলের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠাবেন। পাশাপাশি আজই মনোনয়নপত্র সংগ্রহ করে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।