দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রতীক শাপলা কলি নিয়ে এই আসনে নির্বাচন করবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন নাসিরুদ্দিন পাটওয়ারী।
আরিফুর রহমান তুহিন আরও বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী কণ্ঠ। তাঁর রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার পর তাঁর হত্যার বিচার দাবিতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। এনসিপি জানিয়েছে, এই নির্বাচন শহীদ হাদির আদর্শ ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে পরিচালিত হবে।