শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

অন্তিম সময়ে ১৫টি আসনের প্রার্থী বদল করলো বিএনপি

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

নির্বাচন সামনে রেখে বিএনপিতে প্রার্থী তালিকায় একাধিক আসনে রদবদল আনা হয়েছে। দলীয় সূত্র জানায়, এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থিতা পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ কয়েকজন নেতার আসনেও বিকল্প প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার নজির রয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ পর্যালোচনা করে ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করতেই এসব পরিবর্তন আনা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের পাশাপাশি ঢাকা-১৭ (গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট) আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। ঢাকা-১৭ আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামকে। মনোনয়ন জমার শেষ দিনে তিনি তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এর আগে এই আসনে জোটপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করা আন্দালিভ রহমান পার্থ পরে ভোলা সদর আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নেননি।

মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা-১২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে প্রার্থী করা হয়েছে। তিনি ‘কোদাল’ প্রতীকে নির্বাচন করবেন। নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী মো. মাসুদুজ্জামানের নির্বাচনে অনাগ্রহের কারণে সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলেও একাধিক আসনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। রাউজান (চট্টগ্রাম-৬) আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে প্রার্থী করা হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষ ও দলীয় সিদ্ধান্তের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক মতবিনিময় সভাতেও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি। নতুন মনোনয়নপ্রাপ্ত গোলাম আকবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

চট্টগ্রাম-১৪ আসনটি আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও পরে সেখানে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম-১১ আসন থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সরিয়ে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও কয়েকটি আসনে পরিবর্তন এসেছে। বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঋণখেলাপি-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে বিএনপির নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হলেও পরে মান্না তার প্রার্থিতা ফিরে পান। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সাবেক সচিব মুশফিকুর রহমানের পরিবর্তে কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করা হয়েছে।

মুন্সিগঞ্জ-২ আসনে একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ-১ আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। নড়াইল-২ আসনে বিএনপির পরিবর্তে জোটসঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-১, যশোর-৫ ও যশোর-৬ আসনেও দলীয় ও জোটগত সমীকরণে নতুন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর-১ আসনে কামাল জামাল মোল্লার পরিবর্তে নাদিরা আক্তার মনোনয়ন পেয়েছেন। যশোর-৬ আসনে প্রথমে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

এদিকে ঝিনাইদহে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।

বিএনপি দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে জোটসঙ্গীদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেয়। বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তাঁর জানা মতে ৩০০ আসনের প্রার্থীই চূড়ান্ত হয়েছে। তবে প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে পূর্ণ তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com