আসামি ধরতে গেলে পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি বাধার মুখে পড়েন রাজনৈতিক দলগুলোর থেকে। বর্তমানে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ এটি বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম।
শনিবার দুপুরে রংপুর সফরে এসে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আইজিপি বলেন, দেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষন দেয়া হচ্ছে পুলিশ সদস্যদের। কখনোই এত বড় পরিসরে পুলিশকে প্রস্তুত করা হয়নি।
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ৮ হাজার ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বডিওন ক্যামেরা থাকবে যাতে ভোট প্রক্রিয়া নিরাপদ ও স্বচ্ছ হয়।
তিনি আরও উল্লেখ করেন, সব ধরনের চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।