স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও যারা ফ্যাসিবাদের সহযোগী, তারাই গণভোটে ‘হ্যাঁ’-এর বিরুদ্ধে দাঁড়াতে পারে। যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ গণভোট নিয়ে তাদের অন্য চিন্তা রয়েছে। দেশের জনগণ ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর সফরে এসে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে। জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ আমরা জানি। জুলাইয়ে তাদের সঙ্গে আমরা রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ আহত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার এসেছে। তাই এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেজন্য গণভোটে ‘হ্যাঁ‘ হোক এটা আমরা (সরকার) চাই।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ প্রশাসনের কর্মকর্তারা