বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবীপুর শোল্টোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘কিছু লোক হিন্দু–মুসলিম ভাগ করতে চায়। কিন্তু আমাদের বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা যুগ যুগ ধরে হিন্দু–মুসলিম একসঙ্গে বসবাস করে আসছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘দাঁড়িপাল্লা সরকারে যায়নি মানুষের জন্য কাজও করেনি। আমরা আপনাদের জন্য কাজ করেছি, বিএনপি পরীক্ষিত দল। আপনাদের ভোটে আমরা সরকারে গিয়ে কাজ করেছি।’
জামায়াতের বিষয়ে জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ভোট দিলেই জান্নাতে যাওয়া যায় না, রোজা করতে হয়, মিথ্যা কথা বলা যাবে না, মুনাফেকি করা যাবে না। কোনো মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না।’