উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত জোটের আয়োজিত জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসমাগম এতটাই বেশি যে সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের এলাকা এবং ঢাকা–পঞ্চগড় মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়েছে মানুষের ঢল।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তবে সকাল ৯টার পর থেকে জনসমাগম উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এই জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত আমির তার সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন। পরে দুপুর ১২টায় বগুড়া শহরে এবং দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিন বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর ও বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলায় পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
সিরাজগঞ্জ জেলার কর্মসূচি শেষ করে তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা জেলায় আয়োজিত একটি সমাবেশে যোগ দেবেন। এর মধ্য দিয়ে তার সফরের দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণা শেষ হবে। এসব জনসভায় তিনি নিজ দল ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য দেবেন।
সমাবেশগুলো শেষ করে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জামায়াতে ইসলামীর মিডিয়া সেল সূত্র জানিয়েছে।