বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করে ব্যবসা করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। বাপের জমি বিক্রি করে রাজনীতি করি, নতুন করে বাড়ি-গাড়ি বা জমি কিনিনি। আমরা কথার ফুলঝুরিতে নয়, কাজে বিশ্বাস করি। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে দেশের কল্যাণ নিশ্চিত করতে।’