পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশের মতো রংপুর নগরীতেও ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর বিভিন্ন স্পটে টিসিবির ট্রাক পৌঁছালে পণ্য কিনতে নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। অনেকেই ট্রাক আসার আগেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
টিসিবি সূত্র জানায়, রমজান উপলক্ষে নিয়মিত পণ্যের সঙ্গে এবার ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে— সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা, খেজুর।
একটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। বাজারদরের তুলনায় কম দামে এসব পণ্য কিনতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন গ্রাহক পণ্য কিনতে পারবেন। সে হিসেবে ১৫টি ট্রাক থেকে দৈনিক প্রায় ৬ হাজার মানুষ টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। এ কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।
পণ্য নিতে এসে ভোগান্তির কথাও জানিয়েছেন অনেক ক্রেতা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অসুবিধার কথা তুলে ধরে তারা প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ট্রাকসেল চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, ৩৩টি ওয়ার্ডের বিপরীতে ১৫টি ট্রাক যথেষ্ট নয়।
রংপুর আঞ্চলিক টিসিবির উপপরিচালক ও অফিস প্রধান হাবিবুর রহমান জানান, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও এ সুবিধা নিতে পারবেন।
তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের আওতায় নিম্ন আয়ের মানুষ যাতে পর্যায়ক্রমে পণ্য সংগ্রহ করতে পারেন, সে জন্য একেক দিন একেক স্পটে বিক্রি করা হচ্ছে। আপাতত ১৫টি ট্রাকসেলে বিক্রির সিদ্ধান্ত রয়েছে।
রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাতেও ৫টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকারের এই উদ্যোগ চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।