রয়িসুল সরকার রোমন, লালমনিরহাট: রমজানের শুরুতেই লালমনিরহাটের বাজারে যেন আগুন। ইফতার-সাহরির আয়োজন ঘিরে বাড়তি চাহিদার সুযোগে মাছ-মাংস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে হু হু করে। ক্রেতাদের অভিযোগ—এক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৭০ টাকা পর্যন্ত।
বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে কেজিতে ২০০ থেকে ২২০ টাকায়—যা এক সপ্তাহ আগেও ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। গরুর মাংস ৬৮০ থেকে ৭৫০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায়। মাছের বাজারেও একই চিত্র—তেলাপিয়া, পাঙাশ, রুই, কাতল, পাবদা, কই, শিং—সব মাছেই কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি।
সবজির বাজারেও স্বস্তি নেই। বেগুন ৯০ থেকে ১০০, শসা ৮০, মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি। ছোলা ৭৫ থেকে বেড়ে হয়েছে ৯০ টাকা। লেবু পিসপ্রতি ২০ থেকে ৩০ টাকা, হালি ৬০ থেকে ১২০। টমেটো ৫০ থেকে ৬০, ফুলকপি ৫০ থেকে ৬০, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
রমজানের অপরিহার্য সেমাইতেও বেড়েছে দাম। ভুনা লাচ্ছা সেমাই ১৮০ থেকে ২০০, স্পেশাল লাচ্ছা ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। প্যাকেটজাত ৪০০ গ্রাম খাজা লাচ্ছা ১৬০, আফগানি ১৮০ এবং ঘি ভাজা ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
চাল-ডালের বাজারও ঊর্ধ্বমুখী। জহুর মিনিকেট চাল ৮০ থেকে ৮২ টাকা, মসুর ডাল ১০০ থেকে ১৬০, মুগ ডাল ১৪০ থেকে ১৮০ টাকা কেজি।
বিক্রেতাদের দাবি, সরবরাহ কিছুটা কম এবং পাইকারি পর্যায়ে গুদামজাতের কারণে দাম বেড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করাদ কথা বলছেন সংশ্লিষ্টরা
রমজানের শুরুতেই বাজারের এই অগ্নিমূল্য সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করছে।