পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের নারকীয় হত্যাযজ্ঞে শহীদ হওয়া সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
নির্ধারিত সময়ে বনানী সামরিক কবরস্থানে পৌঁছে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা নিবেদন করে নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এরপর দুজনই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সামরিক-বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন— তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শহীদ পরিবারের সদস্যরা
সবাই মিলে শহীদদের স্মৃতিচারণ করেন এবং পিলখানার হত্যাযজ্ঞ যেন রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় আর কখনো পুনরাবৃত্তি না ঘটে—এ প্রত্যয় ব্যক্ত করেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে রক্তাক্ত বিদ্রোহে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা সহ ৭৪ জন নির্মমভাবে নিহত হন।
ঘটনার ১৭ বছর পূর্তি উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ‘শহীদ সেনা দিবস’। এ দিনটি বাংলাদেশের সামরিক ইতিহাসের এক ভয়াবহ স্মরণ—যা এখনো জাতির হৃদয়ে বেদনা জাগায়।