ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিক ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে গণমাধ্যমের জবাবদিহিতার কাঠামো নতুনভাবে সাজানো হবে। “আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যম ব্যবস্থাপনাকে পুরোপুরি আধুনিক রূপ দিতে চাই,”—যোগ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় দেশের গণমাধ্যম ছিল প্রচলিত কাঠামোয়। কিন্তু ডিজিটাল যুগে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণের সঙ্গে খাপ খাওয়ানোর মতো উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। “নতুন ইকোসিস্টেমে যুক্ত হয়ে গণমাধ্যম ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে হবে,”—মন্তব্য করেন তিনি।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছে—সেই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি এখনো পুরোপুরি অবগত নন। জেলা প্রশাসকের কাছ থেকে বিস্তারিত জেনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।
এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এসময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকা প্রদান করা হয়।