গাইবান্ধার সাঘাটায় একটি ফিড উৎপাদন কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত ‘মোল্লা অ্যাগ্রো ফার্ম’ নামের একটি কারখানায় চাঁদা দাবির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়ান গ্রামে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা অ্যাগ্রো ফার্মে’ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন ব্যক্তি কারখানায় গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
কারখানা মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, অভিযুক্তরা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।
ঘটনার পর কারখানার মালিক তিনজনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।