সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান।
শনিবার (৭ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমানঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান কেন্দ্র এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
আল ধাফরা বিমানঘাঁটি পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের জন্য এই ঘাঁটিকে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হবে না।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এ বিষয়ে একটি নীতি অনুমোদন করেছে। ওই নীতির আওতায় প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালানো হবে না।
সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখও প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। সূত্র: আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল