ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে দেশটির রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ এসটিএফ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে—বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), তার বাড়ি পটুয়াখালী এবং আলমগীর হোসেন (৩৪), তার বাড়ি ঢাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তারা বনগাঁ এলাকায় আসেন।
এসটিএফ জানায়, শনিবার (৭ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি নির্দিষ্ট মামলা করা হয়েছে এবং তাদের আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চলছে।
তবে পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনগাঁ এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের ২৯ ডিসেম্বর। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
এদিকে বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, এই দুইজন আগেই গ্রেপ্তার বা আটক ছিল—এমন তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল।






















