স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে সরকারে এলে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি।”
তিনি জানান, প্রাথমিকভাবে কর্মসূচি শুরু করা হলেও ধীরে ধীরে এই কার্ড প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠনের ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৬ মার্চ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ সংগ্রহ করতে পারবেন।
মির্জা ফখরুল বলেন, আগের সময়ে নানা জটিলতার কারণে অনেক ক্ষেত্রে টাকা ছাড়া বিভিন্ন সরকারি সুবিধা পাওয়া যেত না। তবে এখন ফ্যামিলি কার্ড পেতে কোনো অর্থ লাগছে না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম ২০২৭ সাল থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের কাজও শুরু করা হবে। তরুণদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।