ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি দাবি করেছেন, হেডফোনটির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের এবং এটি ব্যবহার করতে গিয়ে তার কানে ও মাথায় ব্যথা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে দেওয়া ছবিতে সংসদের অধিবেশন চলাকালে ব্যবহৃত একটি হেডফোনও দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনটির মান তাকে হতাশ করেছে।
মীর আহমাদ বিন কাসেম তার পোস্টে বলেন, “এই হেডফোনের মান এতটাই খারাপ যে ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটিও খুবই নিম্নমানের। সংসদের পুরোনো ডিভাইসেও এর চেয়ে পরিষ্কার শব্দ পাওয়া যেত।”
তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সদস্যদের বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে সেই ডিভাইসের মান নিয়ে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন একজন সংসদ সদস্য।