রংপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ৮৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই তারা জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি শুরু করেছেন।
জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ৮৫টি জ্বালানি তেল পাম্পে সমসংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা প্রতিদিন পাম্পগুলোতে তেল বিক্রির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, যাতে অনিয়ম না ঘটে এবং সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
এদিকে, রংপুরে এখনো জ্বালানি তেলের সংকট কাটেনি। সকাল থেকে বিভিন্ন পাম্পে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি উঠেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, রোববার পর্যন্ত জেলার ডিপোগুলোতে ডিজেল ৭ হাজার ৫২২ লিটার, পেট্রোল ৩৩ হাজার ৫০০ লিটার, অকটেন ১৪ হাজার লিটার এবং কেরোসিন ২৭ হাজার লিটার মজুত রয়েছে।
নিরাপত্তা জোরদার করতে জেলার তিনটি জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, আগে পাম্পগুলো সপ্তাহে দুইবার পেট্রোল ও অকটেন নিত, কিন্তু বর্তমানে প্রতিদিনই চাহিদা আসছে। চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহ ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া পাম্পগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।