লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (৪৯) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের কাছে রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে Border Guard Bangladesh (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।
বিএসএফের দাবি অনুযায়ী, ৭–৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে কথিত চোরাকারবারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে গুলি চালানো হলে আলী হোসেন গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।