পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। ধারালো অস্ত্রের আঘাতে বনমালী রায় নামে ওই সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে।আহত বনমালী রায় এ কর্মরত। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানায়, অভিযুক্ত রাসেল ইসলাম (৩৩) উপজেলার লোহাকাচি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ভ্যান ও গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে।ঘটনাস্থল সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি গরু চুরির ঘটনায় রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায়।
আসামি ঘরের ভেতরে অবস্থান করছে নিশ্চিত হয়ে পুলিশ সদস্য বনমালী রায় দরজার সামনে গেলে হঠাৎ দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় রাসেল।পরে সহকর্মীরা আহত অবস্থায় বনমালীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।