ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকায় ইছামতি নদী থেকে তিন দিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরপর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা নদীর পাড়ে গিয়ে কচুরিপানার নিচে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মরদেহটি সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি তিন থেকে চার দিন আগের মরদেহ।পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্ট অনুযায়ী নাম রাতিকান্ত জয়ধর (৪৬), পিতা দেবেন্দ্র নাথ জয়ধর, বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তবে উদ্ধারকৃত মরদেহটি ওই ব্যক্তির কিনা, তা যাচাই করা হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি কচুরিপানার নিচে উপুড় হয়ে ছিল এবং এটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত ১৩ এপ্রিল একই এলাকায় ইছামতি নদীর পাড় থেকে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সেই মরদেহটিও সীমান্তের ভেতরে পড়ে ছিল এবং এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।