আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে উত্তর কোরিয়া।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) সকালে একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি জানান, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে পতিত হয়েছে।
জাপানি সময় সকাল প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ৯টা) এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TASS-ও এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আঞ্চলিক শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর নেতৃত্বে দেশটি বারবার এ ধরনের সামরিক মহড়া চালানোয় জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে সর্বশেষ এই নিক্ষেপকে ঘিরে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।