পরিচয় শনাক্তে কাজ চলছে, আলামত সংগ্রহে পুলিশ ও সিআইডি
পাবনা পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের নন্দর গলি এলাকায় অবস্থিত ‘লাকী’ নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হোটেলের তৃতীয় তলার করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি তালাবদ্ধ কক্ষের দরজা খুলে ভেতরে রক্তাক্ত অবস্থায় নারীর মরদেহ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। বর্তমানে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা গা-ঢাকা দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার পর তারা পালিয়ে গেছেন। হোটেলের রেজিস্টার খাতা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।