পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া এলাকা থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আসছিল। ঘটনাস্থলে পৌঁছে আরেকটি গাড়িকে বাঁচাতে ব্রেক করলে ট্রাকটি ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক মারা যান।
আরও পড়ুন- ‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা
রংপুরের উন্নয়নে ১৯ প্রস্তাবনা ঘোষণা
এ ঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনসহ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ভ্যানচালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”