ইতুরি প্রদেশে স্বর্ণখনি নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এর উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ-এ ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও নিরাপত্তা সূত্র।
স্থানীয় সময় শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অস্থিতিশীল।
স্থানীয় সূত্র জানায়, লেন্দু সম্প্রদায়ের পক্ষে কাজ করার দাবি করা কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) মিলিশিয়ার সদস্যরা ২৮ এপ্রিল একাধিক গ্রামে হামলা চালায়। এতে অন্তত ৬৯ জন নিহত হন।
এর আগে হেমা সম্প্রদায়ের সমর্থক হিসেবে পরিচিত কনভেনশন ফর দ্য পপুলার রেভলিউশন (সিআরপি) গোষ্ঠী কঙ্গোর সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। পিম্বো এলাকার কাছে সংঘটিত ওই হামলার পর থেকেই পাল্টাপাল্টি সহিংসতা আরও ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
নাগরিক সমাজের নেতা দিয়ুদোনে লোসা জানিয়েছেন, এপ্রিলের শেষ দিকে কোডেকো যোদ্ধাদের হামলা ও পাল্টা সহিংসতায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন মিলিশিয়া সদস্য ও সেনাসদস্য রয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার পর্যন্ত মাত্র ২৫টি মরদেহ দাফন করা হয়েছে।
খনিজ সম্পদ নিয়ন্ত্রণ, জাতিগত দ্বন্দ্ব এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা এই অঞ্চলে সহিংসতা আরও বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।