শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৬ জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত প্রস্তাবিত রুটিনে দেখা গেছে, প্রথম দিন সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে পরীক্ষা। এরপর ৮ জুন বাংলা দ্বিতীয় পত্র, ১০ জুন ইংরেজি প্রথম পত্র, ১২ জুন ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন, রসায়ন ২৩ জুন এবং জীববিজ্ঞান পরীক্ষা ১ জুলাই। এছাড়া ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং পুরো পরীক্ষা শেষ করতে সময় লাগবে ২১ দিন। এছাড়া ১৮ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রুটিন অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত উত্তরপত্র ব্যবহার বাধ্যতামূলক এবং ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র তত্ত্বীয় পরীক্ষায় ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
তবে ২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।