সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আটক হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামস। শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করা সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
ভারতে অবস্থানের পর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।