রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আয়োজকদের এমন অভিযোগের কথা জানানো হলেও পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় সুনামগঞ্জে নারী বাউল শিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘প্রতিবাদী শিল্পী জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম কর্মসূচির ডাক দেয়।
সংস্কৃতিকর্মী, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে হামলা ও আগ্রাসনের প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়। বিকেল থেকেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মানববন্ধন শুরুর আগে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, দীপক শীল ও শ্রমিকনেতা মুর্শিকূল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজন শিল্পী-সংস্কৃতিকর্মী সেখানে উপস্থিত হন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশ দীপক শীলকে ভ্যানে তুলে নিয়ে যায় বলে জানান আয়োজকেরা।
অভিনেত্রী সুমনা সোমা বলেন, দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে এসেছিলেন। পুলিশের এক সদস্য ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করলে তাঁরা প্রতিবাদ করেন। পরে দীপক শীলকে আটক করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সুমনা সোমা আরও বলেন, ‘জয় বাংলা’ স্লোগান বাঙালির অস্তিত্ব ও স্বাধীনতাসংগ্রামের অর্জনের সঙ্গে যুক্ত। এ স্লোগান তাঁরা দিয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, দীপক নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।