ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে তিনজন মস্কো অঞ্চলের বাসিন্দা।
রুশ কর্মকর্তাদের দাবি, গত এক বছরের মধ্যে রাজধানী মস্কোর ওপর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার পর শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক হাজারের বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময়ে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে আরও একজন নিহত হয়েছেন।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং ইউক্রেনের শহরগুলোতে হামলা চালাচ্ছে, তাই পাল্টা জবাব দেওয়া তাদের অধিকার।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ড্রোন হামলার দৃশ্য, ধোঁয়া ও আগুন নেভানোর তৎপরতা দেখান। তিনি দাবি করেন, রাশিয়ার কঠোর আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও সীমান্ত থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যেও হামলা চালাতে সক্ষম হয়েছে ইউক্রেন।
এদিকে রুশ কর্তৃপক্ষের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি অঞ্চলে একাধিক ড্রোন ধ্বংস করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।