দীর্ঘ ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বুধবার বিকেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে বৃহস্পতিবার সকাল থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তীতে প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
তিনি আরও বলেন, তৃতীয় ইউনিট সচল রাখতে প্রতিদিন ২ হাজার থেকে আড়াই হাজার টন কয়লার প্রয়োজন হবে।
এদিকে কেন্দ্রটির প্রথম ইউনিট বর্তমানে উৎপাদনে রয়েছে। সেটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টন কয়লা প্রয়োজন হচ্ছে। বর্তমানে দুটি ইউনিট চালু থাকায় উত্তরাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরে চীনের হারবিন কোম্পানির তত্ত্বাবধানে মেরামত কাজ শেষ হলে ইউনিটটি আবার উৎপাদনে ফিরে আসে।
তিনি আরও বলেন, কেন্দ্রটির প্রথম ইউনিটটি অনেক পুরনো। এটি চালুর পর প্রায় ২০ বছর পার হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর ইউনিটটির বড় ধরনের মেরামত প্রয়োজন হয়।