মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের জামাতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বিকেলে একটি আম গাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ছিলেন শফিকুল। এ সময় অসতর্কতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
স্থানীয় বাসিন্দা আলিম উদ্দিন জানান, শখ করে আম পাড়তে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন শফিকুল।
পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।