বৃহস্পতিবার (৪ জুন) ভারতের শিলিগুড়ি সাইবার থানায় আইনজীবী রিংকি চ্যাটার্জি সিং এ অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
অভিযোগে বলা হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক সভা, জনসমাবেশ ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন বলে অভিযোগকারীর দাবি।
মামলার আবেদনে গত ২ জুন কলকাতার ধর্মতলা এলাকায় অনুষ্ঠিত একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া মমতার বক্তব্যের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যে তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যা মামলার এক অভিযুক্ত মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স তাকে গ্রেপ্তার করে। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার গোপন আলোচনার কথাও উল্লেখ করেন।
অভিযোগকারী রিংকি চ্যাটার্জি সিংয়ের দাবি, এসব বক্তব্যের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি এ ধরনের মন্তব্য ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রকাশ্যে এমন বক্তব্য দুই দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এদিকে, এর আগে কলকাতায় একটি ঈদ-সংক্রান্ত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে সনাতন ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনা হয়।
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।