ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার (৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রংপুর মেডিকেল কলেজের সভাপতি ডা. সাদমান মির মিরাজ, সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার, কোষাধ্যক্ষ আবু বক্করসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা দিনরাত রোগীদের সেবা দিয়ে গেলেও তাদের বর্তমান ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাজারদরের ঊর্ধ্বগতির কারণে অনেকেই আর্থিক সংকটে পড়ছেন। তাই ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং এফসিপিএস ট্রেইনিদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা প্রায়ই হামলা ও হয়রানির শিকার হন। তাই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হাসপাতালগুলোতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মির মিরাজ বলেন, বর্তমান সরকারের ফার্স্ট লেডি একজন চিকিৎসক হওয়ায় চিকিৎসকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তারা আশা করছেন। তিনি জানান, ঢাকায় ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের ফলাফল ইতিবাচক হলে কর্মসূচি প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, রংপুর বিভাগের আট জেলার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাই রোগীদের ভোগান্তি কমাতে জরুরি সেবা চালু রাখা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় তিনি আরও জানান, ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে মেডিকেল কলেজের ৫১তম থেকে ৫৫তম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির মধ্যেও অন্যান্য চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের দেওয়া স্মারকলিপির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।