ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে শহরের ইটাখোলা বাইলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ এবং একটি খাবার পরিবহনকারী বগি বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় ইটাখোলা এলাকার একটি ছোট রেল কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্রেনে থাকা যাত্রীরা নিরাপদে রয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার এবং রেললাইন ও কালভার্ট মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরও জানান, জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের বিকল্প ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গফরগাঁওসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারবেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।