অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার Nasir Hossain এবং তার স্ত্রী Tamima Sultana Tammi-কে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Jashita Islam এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে আদালতের এজলাসে উপস্থিত হন নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী Rakib Hasan আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি জানতে পারেন রাকিব হাসান। তার দাবি ছিল, তাদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।
মামলায় আরও অভিযোগ করা হয়, নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন এবং তাদের সম্পর্কের কারণে রাকিব হাসান ও তার কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তিনি মানহানির অভিযোগও আনেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ শুনানি শেষে বুধবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।