ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে পুণ্য খাল পুনঃখনন প্রকল্পের আওতায় খালের দুই তীরে ৭ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খালের দুই তীরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পে কর্মরত শ্রমিকরা।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “পুণ্য খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। একই সঙ্গে খালের দুই তীরে ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে খালের উভয় তীরে মোট ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হবেন।
স্থানীয়রা জানান, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার পরিবেশ উন্নয়ন, মাটি সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।